মাদক আগ্রাসনে অতিষ্ট নোয়াখালী শহরের বাসিন্দাদের শোভাযাত্রা ও মানববন্ধন
11
চ.নো.রিপোর্ট-
নোয়াখালী শহরের মাইজদী বাজার ও আশেপাশের এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদে  অতিষ্ট এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। রোববার সকালে শোভাযাত্রা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচী চলাকালে তাঁরা মাদকবিরোধী বিভিন্ন পেষ্টুন বহন করে এবং মাদক বিক্রি বন্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। সমাবেশ শেষে জেলা প্রশাসক মিজানুর রহমানের কাছে এসংক্রান্ত একটি স্মারকলিপি পেশ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে দশটার সময় মাইজদী বাজার এলাকা থেকে পৌরসভার ২নং ওয়ার্ডবাসীর ব্যানারে শোভাযাত্রাটি বের হয়। এর পর শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। সেখানে একই দাবিতে প্রায় আধঘন্টা মানববন্ধন কর্মসুচী পালিত হয়। মানববন্ধন শেষে সংপ্তি সমাবেশে এলাকাবাসীর পক্ষে কামাল রেজা, লোকেশ চন্দ্র দে, জাহেদ হোসেন দিদার, রহমত উল্লা ভূঁইয়া, আবদুল হামিদ রাজু বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন- মাইজদী বাজার ও আশেপাশের এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মদ, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসলেও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা কোন ব্যবস্থা নিচ্ছে না। গাঁজার দুর্গন্ধে এলাকার অলি-গলি দিয়েও চলাফেরা করাও দায় হয়ে পড়েছে। তাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
বিশেষ প্রতিবেদন