
রুদ্র মাসুদ-
ভবিষ্যৎ সুরক্ষার জন্য এবং মানব সমাজের সুরার জন্যই শিশুদের মাঝে অহিংসা ছড়িয়ে দিতে হবে। আদর্শ সমাজ গঠনে ছোট বেলাতেই শিশুদেরকে মা, ভালোবাসা এবং শ্রদ্ধা করা শেখাতে হবে। এটি হতে হবে ছেলে মেয়ে নির্বিশেষে। বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে গান্ধী আশ্রম ট্রাষ্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় কথাগুলো বলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্রী শ্রীমতি তারা গান্ধী।
তিনি আরো বলেন, প্রত্যেক মানুষেরই জানা, জ্ঞান অর্জনের এবং বেঁচে থাকার অধিকার রয়েছে। তাই নিজের থেকে দূর্বল এমন মানুষকে শোষণ করবেন না। প্রত্যেকের উচিৎ তাঁর পাশের মানুষটি কল্যাণে এগিয়ে আসা।
গান্ধী আশ্রম ট্রাষ্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরীর সভপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই খাজা আলামিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফৌজিয়া সুলতানা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ ফজলে এলাহী, এডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন, অধ্যাপিকা বাসন্তি সেন গুপ্ত, নোয়াখালী প্রেসকাবের সভাপতি আলমগীর ইউসুফ, এডভোকেট গোলাম আকবর, এডভোকেট শ্যামল কান্দি দে, মনুগুপ্ত, পাপ্পু সাহা এবং গান্ধী আশ্রম ট্রাষ্টের পরিচালক রাহা নব কুমার।
এর আগে বৃহস্পতিবার সকালে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা জয়াগ গ্রামের গান্ধী আশ্রম ট্রাষ্ট ও গান্ধী স্মৃতি যাদুঘর পরিদর্শন করে শ্রীমতি তারা গান্ধী। এসময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুধীজনের সাথে মতবিনিময় করেন।






