সেনবাগে ভ্রাম্যমান আদালতের অভিযান-মুদি দোকান থেকে বিপুল পরিমান সরকারি ওষুধসহ স্বাস্থ্য সহকারী আটক, জেল জরিমানা
সেনবাগ প্রতিনিধি-11
নোয়াখালীর সেনবাগে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ উদ্ধার এবং  গিয়াস উদ্দিন স্বপন (৩৮) নামে এক স্বাস্থ্য সহকারীকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা। সোমবার সন্ধ্যায় উপজেলার কানকিরহাট বাজারে স্বাস্থ্য সহকারীর মুদি দোকান থেকে ওষুধসহ তাকে নগদ এক লাখ টাকা জরিমানা; অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। রাতে জরিমানার টাকা দিয়ে সে মুক্তি পায়। গিয়াস উদ্দিন স্বপন উপজেলার ডমুরুয়া ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি এবং নলুয়া গ্রামের হাজী আফজালুর রহমানের ছেলে।   
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানায়, সোমবার সন্ধ্যায় উদ্ধারকৃত সরকারি ঔষধের তালিকা তৈরী শেষে রাতেই ইউএনও’র কার্যালয়ে আদালত বসিয়ে ১৯৮২ সালের ঔষধ নিয়ন্ত্রন আইনের ২০ ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় মোবাইল কোর্ট আইনের ৬ ধারায় স্বাস্থ্য সহকারী গিয়াস উদ্দিনকে নগদ এক লাখ টাকা জরিমানা; অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালত একই সঙ্গে তার বিরুদ্ধে একমাসের মধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করে লিখিতভাবে আদালতকে জানানোর জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে উদ্ধারকৃত সরকারি ঔষধ রাষ্ট্রের অনকুলে জব্দ করেন।
জানা যায়, গিয়াস উদ্দিন স্বপন উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী। ওই ওয়ার্ডের কমিউিনিটি কিনিকের জন্য বরাদ্ধকৃত সরকারি ঔষধ এলাকার লোকজনের মাঝে বিতরণ না করে সে উপজেলার কানকির হাট বাজারের তার মালিকানাধীন ‘‘ইত্যাদী ডিপাটমেন্টাল স্টোর’’ নামের দোকোনে মজুদ করে এবং বিক্রয় নিষিদ্ধ সরকারি ওই সব ওষুধ দীর্ঘদিন ধরে কালো বাজারে বিক্রির করে আসছে। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সেই দোকান থেকে বিপুল পরিমান সরকারি ওষুধ উদ্ধার করে এবং স্বাস্থ্য সহকারী গিয়াস উদ্দিন স্বপনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।
এনিয়ে যোগাযোগ করা হলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা সরকারি ঔষধসহ স্বাস্থ্য সহকারী আটক ও জেল জরিমানার বিষয়টি নিশ্চিত করে সমকালকে জানান, রাতে জরিমানার টাকা পরিশোধ করে গিয়াস উদ্দিন স্বপন মুক্তি পেয়েছে। তবে অন্য আদেশ কার্যকর থাকবে।
বিশেষ প্রতিবেদন