
চ.নো.রিপোর্ট-
গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার সকালে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএনপি। একই সময় জামায়াতে ইসলামীও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে শহরে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসুচী পালন করে। সকাল ১১টা থেকে জেলা শহরের প্রধান সড়কে বিএনপি’র ঘন্টব্যাপী বিশাল মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো: শাহজাহান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রহিমসহ জেলা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় দেওয়া বক্তৃতায় বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো: শাহজাহান হরতালের দিন দলীয় নেতাকর্মীদের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।
অন্যদিকে, একই সময় জেলা শহরের প্রধান সড়কের পশ্চিম পাশে জামায়েত পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি শুরু করলেও ১৫ মিনিটের মধ্যে তা গুটিয়ে নেতাকর্মীরা সরে পড়েন। এর পরপরই প্রধান সড়কে সুধারাম থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি পিকাপ টহল দিতে দেখা যায়। জামায়াতের মানববন্ধনে জেলা আমির মাওলানা আবদুল মুনায়েম, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন, শহর আমির মাওলানা আবদুল্লাহ, সেক্রেটারি মেজবাহউদ্দিন উপস্থিত ছিলেন।






