নোয়াখালীর চাটখিলে যুবদল কর্মী অপহরণকালে গণপিটুনীতে সন্ত্রাসী নিহত, আহত-২ : অস্ত্র ও গুলি উদ্ধার
চাটখিল প্রতিনিধি-
নোয়াখালীর চাটখিলে সোলায়মান লিটন নামের এক যুবদল কর্মীকে অপহরণকালে গণপিটুনীতে ইব্রাহিম ওরপে বেছু (৩৫) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে সহিদ (২৬) ও নাছির (৩০) নামের আরো দুই সন্ত্রাসী। আহত দুইজনকে একটি সিএনজি অটোরিকশা, একটি এলজি, ৫ রাউন্ড গুলি ও দুই রাউন্ড কার্তুজসহ চাটখিল থানা পুলিশ উদ্ধার করে। রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় এক সন্ত্রাসী পালিয়ে যায়।
তাঁদের প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে; পরে অবস্থার অবনতি ঘটলে মুমুর্ষু অবস্থায় রাতেই  সহিদ ও নাছিরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এনিয়ে চাটখিল থানায় অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা এবং আহতদের বিরুদ্ধে অস্ত্র আইনেসহ আরো একাধিক মামলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয় লোকজন এবং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েদ জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে উত্তর পরানপুর মাদ্রাসার পার্শ্ববর্তী চা দোকানে বসে আড্ডা দেয়ার সময় সন্ত্রাসীরা একটি সিএনজিযোগে এসে পরানপুর গামের মৃত আবুল হাসেমের ছেলে যুবদলকর্মী লিটনের বুকে পিস্তল ঠেকিয়ে তাকে অপহরণের চেষ্টা করে। এসময় চা দোকানে উপস্থিত লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা ফাঁকা গুলিবর্ষণ করে। প্রায় দুই’শ গজ তাঁকে টেনেহেঁড়ে নেয়ার পর তাঁর চিত্কারে এলাকার লোকজন চারদিক থেকে সন্ত্রাসীদের ঘিরে গণপিটুনী দেয়। এতে ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যায়। সিএনজি চালক সহিদ ও সন্ত্রাসী নাছির আহত হয়। এসময় আরো একজন পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও সিএনজি অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে সোলায়মান লিটন জানিয়েছেন, সন্ত্রাসীরা তাঁর পূর্ব পরিচিত ছিলো না এবং তাদের সাথে তাঁর কোন বিরোধও ছিলো না। সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে তিনি পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আত্মগোপন করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, লিটনকে অপহরণ করতে এসে গনপিটুনীর শিকার হয়ে সন্ত্রাসী ইব্রাহিম মারা গেছেন এবং আরো দুইজন আহত হয়েছেন। আহত দুইজনের বাড়ি চাটখিলের সাহপুর এবং নিহতের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জে।
সড়ক দূর্ঘটনা, অপরাধ ও হামলা-সংঘর্ষ