দাগনভূঞায় র্র্যব পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-৫
ফেনী প্রতিনিধি-
ফেনীর দাগনভূঞা থানা পুলিশ রোববার রাতে ৫ জন ভুয়া র্র্যব সদস্যকে গ্রেপ্তার করেছে। র্র্যব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে উপজেলার সালামনগর গ্রাম থেকে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার দুপুরে নোয়াখালীর সুধারাম থানার শিবপুর গ্রামের আবুল হাসেমের ছেলে কামাল উদ্দিন দাগনভূঁঞা উপজেলার বেকের বাজারে ছাগল কিনতে আসে। বাজারে ছাগল কেনার সময় ৫ যুবক সেখানে হাজির হয়ে নিজেদের র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্র্যব) সদস্য পরিচয় দেয় এবং ক্রেতা কামালের কাছে জাল নোট আছে বলে তাকে ডেকে পাশ্ববর্তী সালাম নগরের ‘ছোট ফেনী’ নদীর ধারে নিয়ে যায়। সেখানে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে কামালের সাথে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তার বাড়িতে মোবাইল ফোন করিয়ে তার পরিবারের কাছে আরও ৫০ হাজার টাকা দাবী করে।
এসময় এলাকার কিছু লোক ভুয়া র্র্যব সদস্যদের বিষয়টি জানতে পেরে দাগনভূঁঞা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামালকে উদ্ধার করে ও ৫ জন ভ‚য়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করে। তারা হলেন, মাতুভূঁঞা ইউনিয়নের সালাম নগর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবুল কাশেম (৩২), আশরাফপুর গ্রামের এবাদুল হক মেম্বারের ছেলে আবদুর রাজ্জাক হারুন (২৩), উত্তর আলীপুরের বদরুল আলমের ছেলে মোঃ মফিজ (২৫), রবিউল হকের ছেলে শাহ আলম (২৮) ও  সোনাগাজী উপজেলার মহি উদ্দিনের ছেলে মোঃ রাজু (২০)। এ ঘটনায় কামাল উদ্দিন বাদি হয়ে দাগনভূঞা থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুত্ফুর রহমান জানান, গ্রেপ্তার ৫ জন ভুয়া র‌্যাব সদস্যকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ফেনীর সংবাদ