নোয়াখালীতে দাবীকৃত যৌতুক না পেয়ে গৃহবধু খুন
চ.নো.রিপোর্ট-
দাবীকৃত যৌতুক না পেয়ে নোয়াখালীতে উম্মে সালমা লাভলী (১৯) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করেছে পাষন্ড স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা। সোমবার রাতে সূবর্ণচর উপজেলার চর বৈশাখী গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে চরজব্বার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় হতভাগ্য গৃহবধুর পিতা রহমত উল্লা বাদি হয়ে স্বামী, শ্বশুর ও দুই দেবরের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে হত্যাকান্ডের পরপরই অভিযুক্তরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৯ ফেব্র“য়ারি জেলা শহর মাইজদীর ল²ীনারায়ণপুর এলাকার রহমত উল্লার মেয়ে লাভলীর সাথে চর বৈশাখী গ্রামের আবুল কালাম ওরফে দুলালের বিয়ে হয়। বিয়ের সময় দুলালকে একলাখ টাকা যৌতুক দেওয়া হয়। কিন্তু স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন লাভলীকে পিতার কাছ আরো পঞ্চাশ হাজার টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। দাবীকৃত টাকা না এনে দেয়ায় প্রায়ই তাকে মারধর করা হতো। যার ধারবাহিকতায় সোমবার রাতের কোন এক সময়ে  তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, লাশের গলায় আঘাতের কালো দাগ  দেখা গেছে। প্রাথমিক তদন্তে সালমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে তবে; ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে। তাছাড়া অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি।
চলতি সংবাদ