নোয়াখালীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২, আটক ৪
10
চ.নো.রিপোর্ট-
জেলা কমিটি নিয়ে দ্বন্ধের জের ধরে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতিসহ উভয়পক্ষে কমপক্ষে ১২জন আহত হয়েছে। বুধবার দুপুরে সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলের আশেপাশে অভিযান চালিয়ে ফাহিম, তপু, অহিদুল ইসলাম ও আব্দুল মান্নান নামের চারজনকে আটক করেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সুধারাম থানায় কোন পক্ষই কোন মামলা করেনি। তবে; শহরে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের টহল রয়েছে।
গুরুতর আহত ছাত্রদল সভাপতি নুরুল আমিনকে উন্নত চিকিত্সার জন্য বিকালেই ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া অন্য আহতদের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সামছুদ্দোহা মিঠুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। এছাড়া সবুজ (২৫), রাশেল (২২), আবদুর রহমান টিটু (২৪), রিপনকে (২২) শহরের দুইটি ক্লিনিকে এবং বাবুকে (২১) নোয়খালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি, ছাত্রদল সুত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাইজদী ষ্টেডিয়াম এলাকা থেকে ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি নুরুল আমিন খানের নেতৃত্বে দুই শতাধিক ছাত্রদল নেতাকর্মীর একটি আনন্দ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক অতিক্রম করার সময় টাউন হলের মোড়ে নবনির্বাচিত সহ-সভাপতি আব্দুল মতিনের সমর্থক ছাত্রদলের একাংশের ২০/২৫ জন ধরালো অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা চালায়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় তিনটি যাত্রিবাহি বাস ভাঙচুরের ঘটনা ঘটলে আতংকে শহরের দোকানপাঠ বন্ধ হয়ে যায়।
নুরুল আমিন খানের পক্ষের নেতাকর্মীদের দাবি গত ২৭ জুলাই ছাত্রদলের কেন্দ্র থেকে জেলা ছাত্রদলের ১০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে নুরুল আমিন খানকে সভাপতি এবং সাবের আহমেদকে সাধারণ সম্পাদক এবং আবদুল মতিনকে সহ-সভাপতি করা হয়। সভাপতি পদের অন্যতম দাবিদার আব্দুল মতিন তাঁর পছন্দের পদ দেয়ায় তাঁর সমর্থকেরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আনন্দ মিছিলে হামলা চালায়।
এনিয়ে যোগাযোগ করা হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেয়ায় চারজনকে আটক করা হয়েছে মাত্র, গ্রেফতার নয়।  এই ঘটনা থানায় কোন মামলা দিতে আসেনি।
11
চলতি সংবাদ