কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের ছোটভাই’র আত্মহত্যা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি-
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সাংসদ ওবায়দুল কাদেরের ছোট ভাই দেলোয়ার হোসেন (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে বাড়ির পাশ্ববর্তী একটি পোল্ট্রি ফার্ম থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এনিয়ে জানতে ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান মীর্জা কাদেরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে জানানো হয় তিনি অসুস্থ রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, দেলোয়ার গত প্রায় দুই বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। ইতোপূর্বে সে আরো একবার আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। তখন তাঁকে বিদেশে নিয়েও চিকিত্সা করানো হয়েছে। কিন্তু অবস্থার তেমন কোন উন্নতি হয়নি।
এ অবস্থায় গতকাল দুপুর একটার দিকে দেলোয়ার বাড়ির পুকুরে গোসল শেষে পাশ্ববর্তী শাহাদাতের পরিত্যক্ত পোল্ট্রি ফার্মের ভেতরের সিলিংয়ের সাথে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। দুপুরে একটি ছেলে পোল্ট্রী খামারের পাশে কলাগাছ কাটতে গিয়ে ঝুলন্ত লাশ দেখে চিত্কার দিলে ঘটনাটি জানাজানি হয়। এর পর খবর পেয়ে তিনি নিজেই গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করেন। এই ঘটনায় থানা অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। রাত নয়টায় জানাযা শেষে লাশ দাফনের কথা রয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, সাংসদ ওবায়দুল কাদেরের ১১ভাই-বোনের মধ্যে দেলোয়ার সবার ছোট। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।


চলতি সংবাদ