প্রান’র সংবাদ বিশ্লেষন-নোয়াখালীতে মানবাধিকার পরিস্থিতির অবনতি : আগস্ট মাসে হত্যা সাত, আত্মহত্যা চার, ধর্ষণ চার ও সন্ত্রাসী হামলা ১০ টি
চ.নো.ডেস্ক
চলতি বছরের আগস্ট মাসে নোয়াখালীতে  ৪৬ টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে রয়েছে হত্যা, আত্মহত্যা, ধর্ষণ, সন্ত্রাসী হামলা, রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি, মুক্তিপণ আদায়, বাল্যবিবাহ, ছিনতাই, অপহরণের মত ঘটনা। এসব ঘটনায় ৮০ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ৬০ জন পুরুষ, ২০ জন নারী। জেলার সদর উপজেলায় সর্বাধিক (১০টি)মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এছাড়াও সেনবাগে ৯, বেগমগঞ্জ ও সোনাইমুড়ীতে ৭ করে, চাটখিলে ৬টি, কবিরহাটে ৩টি, সুবর্ণচর উপজেলায় ২টি, কোম্পানীগঞ্জ ও হাতিয়া উপজেলায় ১টি করে ঘটনা ঘটেছে। এসকল ঘটনায় থানায় ৩৬ টি মামলা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
উন্নয়ন সংগঠন পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) স্থানীয় ও জাতীয়ভাবে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের আধেয় বিশ্লেষণ করে এ প্রকাশ করে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে রয়েছে সন্ত্রাসী হামলা ১০ টি, হত্যা ৭টি, আত্মহত্যা ৪টি, চাঁদাবাজি ৫টি, ধর্ষণ ৪টি, রাজনৈতিক সহিংসতা ৪ টি, বাল্যবিবাহ ৩টি, ছিনতাই ২টি, অপহরণ, সম্পত্তি দখল, নারী পাচার, মুক্তিপণ আদায়, চুরি, ডাকাতি ও হুমকির ঘটনা ঘটেছে ১ টি করে। এসব ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, এ সকল ঘটনা সংঘটিত হওয়া পেছনে জমি সংক্রান্ত বিরোধ, পূর্ব শত্র“তা, যৌতুক, পরকীয়া প্রেম, রাজনৈতিক কোন্দল মূল কারণ হিসেবে কাজ করেছে। এ সময়ে আগের মাসের তুলনায় কিশোরীদের ওপর সহিংসতার ঘটনার হার বৃদ্ধি পেয়েছে। তবে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় সরকারি কর্মকর্তাদের হস্তক্ষেপের কারণে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে। 
চলতি সংবাদ