নোয়াখালীর আদালত থেকে জোড়াখুনের মামলার আসামির পলায়ন
চ.নো.রিপোর্ট-
নোয়াখালী জেলা জজ আদালত ভবন থেকে পালিয়েছে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামি ফারুক হোসেন ওরফে মোর্শেদ আলম (৩০)। 10বুধবার দুপুরে সে পুলিশ পাহারা অবস্থায় হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশের হাবিলদার আবদুল মাবুদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ঘটনার তদন্তে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আ ফ ম নিজাম উদ্দিনকে আহবায়ক করে তিনসদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে রাতের মধ্যেই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী।
জানা গেছে, দুপুর দেড়টার সময় জোড়া খুন মামলার আসামি মোর্শেদকে কোর্ট হাজতখানায় ঢোকানোর মুহুর্তে হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সে পালিয়ে যায়। এর পর থেকে রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়েও মোর্শেদকে গ্রেপ্তার করতে পারেনি।
উল্লেখ্য, লক্ষীপুর সদর থানার মোক্তারপুর গ্রামের আবুল কালামের পুত্র মোর্শেদ গত বছরের ২৪ আগষ্ট তার স্ত্রী স্বপ্নাকে (৩০) নিয়ে শিশুপুত্র আপনকে (২) নোয়াখালীর জেলা শহরের গুডহিল হসপিটালে ভর্তি করান এবং রাতে স্বপ্নাকে ও শিশুপুত্র আপনকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। পরবর্তীতে ঘটনার ছয়দিন পর ডিবি পুলিশের হাতে চট্টগ্রামে মোর্শেদ ধরা পড়েন। ধরা পড়ার পর তিনি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্ত্রী ও শিশুপুত্রকে হত্যার ঘটনা স্বীকার করেন।
চলতি সংবাদ