
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের কালাম চরে জলদস্যু সম্র্রাট মুন্সিয়া চোরা বাহিনীর আস্তানায় অভিযান চালিয়েছে রেব-৭’র এটি দল। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলাকালে রেব এর সাথে জলদস্যুদের শতাধিক রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
এক পর্যায়ে জলদস্যুরা পিছু হটলে মুন্সিয়ার আস্তানা থেকে ১টি দেশীয় তৈরী এসএমজি, ১টিদেশীয় তৈরী পিস্তল, ৩টি দেশীয় তৈরী পাইপগান, ৪টি দেশীয় তৈরী এলজি, ৪টি দেশীয় তৈরী হ্যান্ডগান, ১টি ২২ বোরের রাইফেল, ৯০টি বিভিন্ন ধরণের অস্ত্র তৈরীর সরঞ্জাম, ৬৫টি রাম দা, ৯টি বাঁশের তৈরী বলøম, ৪৮ রাউন্ড খালী কার্তুজ, ৫ রাউন্ড ৩০৩ রাইফেরের খালি খোসা, ৩টি করাত, দুরবীন, ১টি ছোট মাইক, ৪টি টর্চ লাইট, ২টি লঞ্চের টার্মিনাল লাইটসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম ও ১৭টি চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করে রেব-৭এর সদস্যরা। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি সদস্যরা।
শুক্রবার বিকালে রেব-৭ এর সহকারি পরিচালক এএসপি এস এম নুরুল হুদা স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যটক ও নদীপথে ডাকাতি করে এমন একটি ডাকাত দল নিঝুম দ্বীপে অবস্থান করছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নিঝুম দ্বীপে পৌছে রেব-৭ এর একটি দল। রেব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু হেনা মোঃ মোস্তফা, পিএসসি’র নেতৃত্বে ৩৩ সদস্যের দল নিঝুম দ্বীপের চর কালামের কাছে পৌঁছলে সেখানে অবস্থানরতম জলদস্যু মুন্সিয়া চোরা বাহিনীর সদস্যরা রেব এর ওপর গুলিবর্ষণ করে। এ সময় রেবও পাল্টা গুলি বর্ষণ করে। উভয়পক্ষের মধ্যে শতাধিক রাউন্ড গুলিবিনিময়ের পর টিকতে না পেরে জলদস্যুরা বনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে মুন্সিয়া চোরা আস্তানা থেকে বিপুল পরিমান অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করে রেব ।
স্থানীয় লোকজন জানান, মুন্সিয়া চোরা দীর্ঘদিন ধরে গোটা হাতিয়া উপকূলের নদী, সাগর মোহনা ও চরাঞ্চলের ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গত বছরে ১৯ মে নিঝুম দ্বীপের কালাম চরে মুন্সিয়া চোরা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে জলদস্যু সন্দ্বীপ মাকছুদ ও ইব্রাহিমসহ তাদের বাহিনীর ১৭জন নিহত হয়। এর পর ৬ জুন রেব এর ক্রসফায়ারে বনদস্যু সর্দার বাশার মাঝির মৃত্যুর পর মুন্সিয়া চোরার কব্জায় চলে যায় গোটা নোয়াখালী উপকূল।
এদিকে নোয়াখালীর সর্বদক্ষিণের দূর্গম কালাম চরে রেব এর অভিযানের খবর শুক্রবার সকাল থেকে ছড়িয়ে পড়ে। এনিয়ে হাতিয়া থানা পুলিশ কোন তথ্য দিতে পারেনি। ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম চৌধুরী বলেন, রেব অভিযান হয়েছে এটুকুই জানি এর বেশি জানি না।






