চ. নো. রিপোর্ট- নোয়াখালী-৬ হাতিয়া আসনের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিমকে ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে সমর্থন দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যানরা তাদের এই সমর্থনের কথা জানান। হাতিয়া উপজেলা সদর ওছখালীতে ফজলুল আজিমের বাসবভনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চরইশ্বর ইউনিনের চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদ, বুড়ির চরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বাবলু, সুখচরের চেয়ারম্যান কামাল উদ্দীন, জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম। এসময় আরো উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সহ-সভাপতি ফখরুল ইসলাম চেয়ারম্যান, গিয়াস উদ্দীন মাষ্টার প্রমুখ। এসময় সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিমের কাছে সাংবাদিকরা জানতে চান তিনি নির্বাচিত হলে কি বিএনপিতে থাকবেন নাকি ভবিষ্যতে দলবদলের সম্ভাবনা আছে। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এর উত্তর দেয়ার সময় এখনো আসেনি। তিনি হরণী-চানন্দী ইউনিয়নের বিচ্ছিন্ন চরাঞ্চলে ২৫ হাজার ভোটারের নির্বিঘেœ ভোট দান নিশ্চিত করা এবং চরাঞ্চলে অবস্থানরত দস্যুদের দমনে ভোটের ১০দিন আগে ও পরে চরাঞ্চলে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।






