এডভোকেট নুরুল ইসলাম হত্যা মামলার ফাঁসির আসামীর সাজা মওকুফের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির মানববন্ধন
11
চ.নো.রিপোর্ট-
লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতা এডভোকেট নুরুল ইসলাম হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী বিপ্লবের সাজা মওকুফের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছে বিএনপি ও এর সকল সহযোগী সংগঠন। নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বেগমগঞ্জের চৌরাস্তায় এবং চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত।
বেগমগঞ্জ চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতিস্তম্ভ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির দুই কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান ও বরকত উল্যা বুলু এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুর রহিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান প্রমুখ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরে একই দাবিতে চৌমুহনী প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে যোগ দেন এবং চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। এখানে আরো বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চৌমুহনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহসিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুস্তুম আলী প্রমুখ।
রাজনৈতিক সংবাদ