লক্ষ্মীপুর-৪ : মেজর মান্নানের মিছিলের ওপর বাস \ নিহত ৩, আহত অর্ধশত

বিশেষ প্রতিনিধি- লক্ষ্মীপুর-৪ (রামগতি- কমলনগর) আসনের যুক্তফ্রন্ট প্রার্থী মেজর (অবঃ) আবদুল মান্নানের কুলা মার্কার সমর্থনে বুধবার সন্ধ্যা ৭ টায় এক মিছিলের ওপর যাত্রীবাহী বাসের চাপায় তিন জন নিহত ও অর্ধশত লোক আহত হয়েছেন। বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় । নিহতরা হচ্ছে- ইব্রাহিম (২৮) মহিন (১৮) ও দুলাল (৪৮) । নিহতদের বাড়ী কমলনগরের চর জাঙ্গালিয়া গ্রামে। আহত হারুন, ফারুক, ইউছুফ, সফিক ও ইকবালকে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকী আহতদেরকে আশংকাজনক অবস্থায় ল²ীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতাল সূত্র আশংকা প্রকাশ করেছেন। পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান,কমলনগর উপজেলার উপকূল কলেজ মাঠে মেজর মান্নানের কুলা প্রতীক সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিতে আসা মিছিলটি কমলনগর থানা এলাকায় পৌছলে পিছন দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি ( ঢাকা মেট্রো- জ-৪৮৯২) বেপরোয়া গতিতে মিছিলের ওপর চাপা দেয়। এতে আহতদের হাসপাতালে নেয়ার পর তিনজন মারা যায়। ল²ীপুর অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ সুপার মীর আশরাফ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে জনসভাস্থল থেকে মাত্র ১০০ গজ দূরের এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটলেও জনসভার কাজে কোন বিঘ্ন সৃষ্টি হয়নি এবং রাত সাড়ে ৮ টা পর্যন্ত জনসভা চলছিল এমন দাবি সংশ্লিষ্ট নেতা-কর্মীরা করলেও এলাকার সাধারণ জনগণ তা সহজ ভাবে মানছেন না।

রাজনৈতিক সংবাদ