খাদ্যের বিষক্রিয়ায় নোয়াখালীতে মানবজমিনের স্টাফ রিপোর্টারসহ পরিবারের পাঁচ সদস্য অসুস্থ
চ.নো.রিপোর্ট-
খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দৈনিক মানবজমিনের নোয়াখালীর স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন বাদল (৪৮) ,বৃদ্ধা মা ও স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার সকালে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বদরপুর গ্রামে সাংবাদিক বাদলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির প্রতিবেশীরা সাংবাদিক বাদলসহ পরিবারের অসুস্থ পাঁচ সদস্যকে নোয়াখালীর জেলা শহরের সিটি হসপিটালে ভর্তি করে। অসুস্থ অন্যরা হলেন, তাঁর মা মর্জিনা খাতুন (৭০), স্ত্রী নাছিমা আক্তার (৩৫), পুত্র মো. আজমাইন (১২) ও কাজের মেয়ে মনি  বেগম (১৪)। সন্ধ্যা পর্যন্ত স্ত্রী নাছিমা আক্তার ও কাজের মেয়ে সুস্থ হয়ে উঠলেও বাকি তিনজনের জ্ঞান ফেরেনি।  
জ্ঞ্যান ফেরার পর বাদলের স্ত্রী নাছিমা আক্তার সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে বাজার থেকে তাঁর স্বামী তীর কোম্পানীর প্যাকেটজাত আটা কিনে আনেন। সকালে তিনি ওই আটা দিয়ে রুটি তৈরী করেন। ঘুম থেকে উঠে তাঁর স্বামীসহ পরিবারের সদস্যরা ঘরে রান্না করা সবজি দিয়ে সকালের নাস্তা হিসেবে ওই রুটি খান। নাস্তা খেয়ে স্বামী বাড়ির পাশের ডাক্তার হাটের দিকে যান। সেখানে হঠাৎ তিনি মাথাঘুরে পড়ে যান। একইভাবে বাড়িতে তিনি, তাঁর পুত্র ও শ্বাশুড়ীও অসুস্থ হয়ে জ্ঞান হারান। দুপুর পর্যন্ত অবস্থার কোন উন্নতি না হওয়ায় আত্মীয়-স্বজনেরা তাঁদের হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার সুরেশ কুমার নন্দী জানান, ধারণা করা হচ্ছে তাঁরা যে খাবার খেয়েছেন, তাঁর সঙ্গে কেউ হয়ত বিষ জাতীয় কিছু মিশিয়ে দিয়েছেন। যা খেয়ে তাঁরা আক্রান্ত হয়েছেন। জ্ঞান না ফেরায় তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চলতি সংবাদ