
নোয়াখালীর মূলভুখন্ডের সাথে চরাঞ্চলের সংযোগ সৃষ্টিকারী সুবর্নচর উপজেলার চরমজিদ থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নের জনতা বাজার ভায়া ভূমিহীন বাজার সড়কের কাটাখালী খালের ওপর নির্মিত ব্রীজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিডি সুবর্নচর উপজেলা কর্তৃক ১ কোটি ১৬ লাখ টাকা ব্যায়ে ব্রীজটি নির্মাণের মধ্য দিয়ে চানন্দি ইউনিয়নের চরাঞ্চলের লক্ষাধিক ভ‚মিহীন পরিবার যোগাযোগের সুফল পেলো। এনিয়ে চরবাসীর মধ্যে আনন্দের কমতি নেই।
শনিবার বিকালে আনুষ্ঠানিকভাবে ব্রীজটি উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। এসময় সবুর্নচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক বাহার উদ্দিন খেলন, উপজেলা উপ-সহকারি প্রকৌশলী সহিদুল হুদা মজুমদার, অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন, আব্দুল মমিন বিএসসি, আব্দুল ওয়াদুদ পিন্টু, সামছুদ্দিন জেহান, এডভোকেট এটিএম মহিব উল্যা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চরাঞ্চলের ভ‚মিহীনদের সাথে কথা বলে জানা যায়, চানন্দি ইউনিয়নভুক্ত নঙ্গলিয়ার চর, কালাদূর, চরবাশার, কেরিংচর ও নলের চর এলাকায় একসময়ে ছিলো বনদস্যুদের রাজত্ব। এবড়োথেবড়ো কাঁচা রাস্তা দিয়ে মানুষজন চলাচল করলেও ভ‚মিহীন বাজারে কাঁটাখালী খালের ওপর কোন ব্রীজ না থাকায় কোন মারমারি, হানাহানি হলে প্রশাসনের লোকজন দ্রুত ঘটনাস্থলে যেতে পারতো না। একই সাথে কেউ অসুস্থ হয়ে পড়লে কিংবা প্রাকৃতিক দূর্যোগের সময় চরাঞ্চল থেকে মূলভুখন্ডে যেতে ভোগান্তির শিকার হতে হতো। এই ব্রীজের কারণে ৫টি চরাঞ্চলের ১৫ হাজারের বেশি পরিবারের লক্ষাধিক মানুষ উপকৃত হলো।
ব্রীজ চালু হওয়ায় উচ্ছাস প্রকাশ করে ভূমিহীন বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, একটি ব্রীজের অভাবে কত দূর্ভোগ পোহাতে হয় তা এতদিন চানন্দি ইউনিয়নভুক্ত চরাঞ্চলের মানুষ হাঁড়ে হাঁড়ে টের পেয়েছে। ব্রীজ হয়েছে এবার রাস্তাও পাকা হবে হয়তো। তবে ব্রীজটি হওয়া চরবাসীর যাতায়তে আর কোনো অসুবিধা থাকলো না।
সুবর্নচর উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন সমকালকে জানান, কাটাখালী খালের ওপর নির্মিত ৩৬ মিটার দীর্ঘ আর সি সি গার্ডার ব্রীজটি নির্মাণে ব্যায় হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। এই ব্রীজ নির্মাণের মধ্যদিয়ে চরাঞ্চলে যোগাযোগে এক যুগান্তকারী অধ্যায়ের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য শনিবার নোয়াখালী সুবর্ণচর উপজেলায় প্রায় ২০কোটি টাকা ব্যয়ে ৩২ কিলোমিটার ব্যাপী ১৬টি পাকা সড়ক, ২টি বিদ্যালয় ভবন ও ২টি ব্রীজের উদ্ভোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোয়াখালী-৪ আসনের সাংসদএকরামুল করিম চৌধুরী।






