
চলমান নোয়াখালী ডট কম, ২০ জুলাই-
নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকদের অবহেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ ও বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক। দীর্ঘ আড়াই বছর বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয় সভায় চিকিৎসকদের বিরুদ্ধে নানা অভিযোগ শুনে সভাপতির বক্তৃতায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি এসব সমস্যার সমাধানে দুইটি তদন্ত কমিটি গঠন এবং প্রতি দুই মাস পর পর উপজেলা স্বাস্থ্য কমিটির সমন্বয় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে সেনবাগের জনগণের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এবং হাসপাতালের এসব সমস্যা নিয়ে আগামি সাপ্তাহে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আস্বাস দেন বিরোধীদলীয় চীফ হুইপ।
সভায় অন্যন্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান চৌধুরী, কাবিলপুর ইউপি চেয়ারম্যান মমিন উল্যাহ, কাদরা ইউপি চেয়ারম্যান ওবাদুল হক, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন।
সমন্বয় সভায় বক্তারা- দীর্ঘ দিন ধরে এক্স-রে মেশিন, উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর, এ্যাম্বুলেন্স বিকল থাকার বিষয়টি তুলে ধরেন। একই সাথে কর্মস্থলে চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং আবাসিক চিৎসক (আরএমও)সহ চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ও ব্যর্থতার নানা দিক তুলে ধরে সভার সভাপতি বিরোধীদলীয় চীফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন । এসময় বিরোধীদলীয় চীফ হুইই স্বাস্থ্যসেবার এ করুন অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন।







