
চলমান নোয়াখালী ডট কম, ২৩ জুলাই-
দুই ছাত্র প্রতিনিধির সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার এবং লাইব্রেরিয়ানের দুস্কর্ম ও স্বেচ্ছাচারিতার বিচারের দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। ২২ জুলাই রোববার দুপুর ১২টার দিকে ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে ক্যাম্পাসের সামনে চৌমুহনী-মাইজদী মহাসড়ক অবরোধ করে। আধ ঘন্টারও বেশি সময় ধরে চলা অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে কর্তৃপক্ষের সাথে আলোচনা কারার আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয়।
বিক্ষোভরত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিয়মিত লাইব্রেরি না খোলার অভিযোগ এনে গত ১৭ জুলাই কলেজের লাইব্রেরিয়ান আবু জোবায়েন হোসেন সন্ধিকে মারধরের ঘটনায় ১৯ জুলাই বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ৪র্থ বর্ষের ছাত্র আলআমিন ইসলাম এবং ৩য় বর্ষের ছাত্র আব্দুল্যা আল মামুন লিয়নকে কলেজ থেকে সাময়িক বহিস্কার করে কলেজ কর্তৃপক্ষ। এই বহিস্কারাদেশের বিরুদ্ধে শনিবারের ন্যায় গতকাল রোববারও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে বিভিন্ন বর্ষের ছাত্ররা।
একপর্যায়ে দুপুর ১২টার দিকে ছাত্ররা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে বেগমগঞ্জ চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্কয়ার প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসের সামনে চৌমুহনী-মাইজদী মহাসড়ক অবরোধ করে রাখে। বেগমগঞ্জ থানার চৌমুহনী শহর উপ-পরিদর্শক (টিএসআই) এনামুল হকের নেতৃত্বে পুলিশ বিক্ষোভকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করলেও ছাত্ররা এতে অনড় থাকে। এসময় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলার আশ্বাস দিলে আধঘন্টা পর ছাত্ররা রাস্তা থেকে সরে গিয়ে কলেজ গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এক ঘন্টারও বেশী সময় ধরে বিক্ষোভ চলাকালে ছাত্ররা লাইব্রেরিয়ানের অপসারণ এবং দুই ছাত্র প্রতিনিধির সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শ্লোগান দেয়।
এনিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কলেজের অধ্যক্ষআব্দুল বাসেত মিয়া বলেন, লাইব্রেরিয়ানের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ছাত্ররা জানতে পারতো। কিন্তু তারা তা না করে লাইব্রেরিয়ানকে মারধর করেছে, এখন অপসারণ চায়। এটা কোন ধরণের কথা ? তাছাড়া দুই ছাত্রকে শোকজ করা হয়েছে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। শোকজের জবাব না দিয়েই এখন এসব করা হচ্ছে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য।
প্রসঙ্গত : লাইব্রেরিয়ানকে মারধরের অভিযোগে গত ১৯ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ৪র্থ বর্ষের ছাত্র আল আমিন ইসলাম এবং ৩য় বর্ষের ছাত্র আব্দুল্যা আল মামুন লিয়নকে সাময়িক বহিস্কার এবং কারণ দর্শানোর নোটিশ দিয়ে চারদিনের মধ্যে জবাব দিতে বলে কলেজ প্রশাসন। একই সাথে ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমটি গঠন করে ২৫ জুলাইয়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন কলেজ কর্তৃপক্ষ আব্দুল বাসেত মিয়া।







