নোয়াখালীতে পল্লী চিকিৎসক খুন
স্টাফ রিপোর্টার,
চলমান নোয়াখালী ডট কম, ২৪ জুলাই-
নোয়াখালীতে মনিরুজ্জামান শামীম (২৭) নামের এক পলøী চিকিৎসক খুন হয়েছেন।  সোমবার সকালে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের ছমিরমুন্সীহাট-কুতুবেরহাট সড়কের পাশের একটি ধান ক্ষেত থেকে ক্ষত বিক্ষত অবস্থায় সেনবাগ থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। রোববার রাতের যেকোনে একসময় দুবৃত্তরা তাঁকে খুন করে লাশ ফেলে যায়।
এ ঘটনায় নিহতের ভাই কামরুজ্জামান বাদী হয়ে সেনবাগ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা  দায়ের করেছেন। এদিকে ময়না তদন্ত শেষে সোমবার বিকালে নিহতের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হলে সন্ধ্যায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত মনিরুজ্জামান শামীম বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের পূর্ব লাউতলী গ্রামের মোঃ ওয়াজী উল্যার পুত্র।
নিহত শামীমের আত্মীয় মোরশেদ আলম সমকালকে জানান, নিহত মনিরুজ্জামান বাড়ির পার্শ্ববর্তী সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বটতলা বাজারের পল্লী চিকিৎসক। রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে ডিসকবার ব্র্যান্ডের মটর সাইকেলটি নিয়ে বাড়ির দিকে রওয়ানা হন বলে বাজারের অপর ব্যবসায়ীরা জানান। রাতে বাড়িতে না ফেরার কারণে খোঁজাখুজি করেও তাঁকে পাওয়া যায়নি, এমনকি তাঁর দুটি মোবাইল ফোনও বন্ধ ছিলো। গতকাল সোমবার সকালে সেনবাগ উপজেলার ছমিরমুন্সীরহাট-কুতুবেরহাট সড়কের পাশে ইয়ারপুর গ্রামের বাচ্চু মাষ্টারের বাড়ি সংলগ্ন ধান ক্ষেতে শামীমের মৃতদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁদের (শামীমের) বাড়িতে খবর দেন। পরবর্তীতে সেনবাগ এবং বেগমগঞ্জ থানায় খবর দেওয়া হলে উভয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। লাশ উদ্ধারের স্থল সেনবাগ থানায় হওয়ায় সেনবাগ থানা পুলিশ শামীমের লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য।
তিনি আরো জানান, ধান ক্ষেত থেকে লাশ তোলার পর তাঁর মাথায় ও কোমনের গুলির চিহ্ন দেখা যায়। এছাড়া মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে স্থানীয় একাধিক সুত্র জানায়, ইয়ারপুর-লাউতলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী রগকাটা দুলাল সম্প্রতি জামিনে বেরিয়ে এসে এলাকায় ভীতিকর অবস্থর সৃষ্টি করে। শামীমের হত্যাকান্ডের পর রগকাটা দুলালের কথা স্থানীয় লোকজনের মুখে মুখে ফেরে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শামীমের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে; মামলায় কাউকে সুনির্দিষ্টভাবে আসামী করা হয়নি। পুলিশ তদন্ত করছে, দ্রুত হত্যাকারীতের চিহ্নিত করা যাবে।

চলতি সংবাদ