
চলমান নোয়াখালী ডট কম, ২৪ জুলাই-
নোয়াখালীতে অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন ২০০১ (সংশোধিক ২০১১) ও অর্পিত সম্পত্তি বিধিমালা ২০১২ সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলীম আকতার খান, সরকারি কৌশুলী এডভোকেট এটিএম মহিব উল্যা, এডভোকেট কাজী মানছুরুল হক খসরু, সাংবাদিক আলমগীর ইউসুফ, অধ্যাপক লিয়াকত আলী খান প্রমুখ। সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, আইনজীবী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম জানান, অর্পিত সম্পত্তির ক তফসিলভুক্ত সম্পত্তির গেজেট প্রকাশ করেছে সরকার। এখন এর আলোকে নিয়ম অনুযায়ী অর্পিত সম্পত্তি ফিরে পেতে এ সংক্রান্ত গঠিত ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে অর্পিত সম্পত্তির তালিকার রয়েছে। সংশ্লিষ্টরা এসব তালিকা থেকে নিজেদের সম্পত্তির অবস্থান জেনে তা ফেরত পেতে আবেদন করতে পারবেন।







