
চলমান নোয়াখালী ডট কম-
নোয়াখালীর সেনবাগে শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষোর্থীরা। গতকাল রোববার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দাবিতে উপজেলা শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এসব কর্মসূচী চলাকালে সেনবাগ পৌরশহরে যানবাহন চলাচল বন্ধ থাকে।
আন্দোলনরত শিক্ষার্থী, বিদ্যালয় সুত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ১০টার দিকে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক ঘাটতি পূরণের দাবিতে ক্লাস বর্জন করে মিছিল সহকারে সেনবাগ শহরের প্রধান সড়কে নেমে আসে। এসময় তাঁদের হাতে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড শোভা পায়। একপর্যায়ে তাঁরা সেনবাগ শহরের ইট ও বেঞ্চ ফেলে সেনবাগ প্রধান সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেয়। কিছুক্ষণপর একইভাবে শিক্ষক সংকট নিরসনের দাবি নিয়ে রাস্তায় নেমে আসে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরাও। এসময় সেনবাগ শহরের প্রধান সড়ক জুড়ে ছাত্রছাত্রীরা দীর্ঘ মানববন্ধন রচনা করে। খবর পেয়ে সকাল ১১টার দিকে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা অবরোধস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাঁদের দাবি দাওয়া স্মারকলিপি আকারে দেওয়ার পরামর্শ এবং শিক্ষক সংকট নিরসনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে যায়।
সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোলায়মানের কাছে শিক্ষক সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনিবলেন, প্রধান শিক্ষকসহ ২০জন শিক্ষকের পদ রয়েছে বিদ্যালয়ে। অথচ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ রয়েছেন মাত্র ৭জন। সবচেয়ে নাজুক অবস্থা বিজ্ঞান বিভাগে। শিক্ষক সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকেও অবহিত করা হয়েছে। কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এতে করে স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা শিক্ষক সংকটের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা মানববন্ধন করেছে এর পর তিনি তাঁদেরকে বিদ্যালয়ে ফেরত পাঠিয়েছেন। ছাত্রছাত্রীরা শিক্ষক সংকটের দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে পাঠানো হয়েছে।







