
শিক্ষকদের চাকরি জাতীয়করণ, বার্ষিক প্রবৃদ্ধি, চিকিৎসা ভাতা, আবাসিক ভাতাসহ শিক্ষক-কর্মচারীদের ১৭ দফা দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার চৌমুহনীর মদন মোহন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সমাবেশ এবং বিক্ষোভ মিছিল জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেগমগঞ্জ উপজেলা পরিষদে গিয়ে সমাপ্ত হয়।
এদিকে সোমবারও তৃতীয় দিনের মতো জেলার সকল বেসরকারি কলেজ এবং বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি পালিত হয়েছে। ফলে জেলার কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস অনুষ্ঠিত হয়নি।
চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে সৈয়দ আব্দুল্যাহ ফারুকের সভাপতিত্বে শিক্ষক কর্মচারী পরিষদের সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বাবু মাখন লাল দাস, আশরাফ উদ্দিন, নুরুল ইসলাম দুলাল, তপন ঘোষ, সফি উদ্দিন প্রমুখ।
এছাড়া সেনবাগ উপজেলা শহরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষকদের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ উল্যা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম, শ্রীপর্দ্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ প্রমুখ।







