চ. নো. রিপোর্ট- নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে দাবী কৃত ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে বুধবার রাতে সন্ত্রাসীরা দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী আবু জাহের(২৬), আলমগীর হোসেন(৩২), সুমন চৌধুরী (১৭) ,আবুল হোসেন (৫২), মিজানুর রহমান(২২) ও ওমর ফারুক(২৭) গুরুতর আহত হয়। পুলিশ এ ঘটনায় রাতেই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী গিয়াস উদ্দিন রিংকু (৩৫) ও বোরহান উদ্দিন ওরপে হান্নান (৩০) নামে দুই চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে করেছে। পুলিশ ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, চৌমুহনীর করিমপুর রোডের সমবায় ভবনের মেসার্স ফারহানা ট্রেডিং ও রামেন্দ্র ফার্মেসীতে করিমপুর গ্রামের আলাউদ্দিন(৩৮) এর নেতৃত্বে বোরহান উদ্দিন হান্নান, গিয়াস উদ্দিন ওরপে রিংকু, ফারুক, ফয়সাল, পিচ্চি রাজু সহ ১৫/১৬ জন সন্ত্রাসী দাবী কৃত ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে বিভিন্ন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসা প্রতিষ্ঠান দুটিতে হামলা চালায়। এসময় তারা দোকানের ফ্রিজ, টেলিভিশনসহ মুল্যবান জিনিসপত্র ভাংচুর সহ দুই লাখ টাকার মালামাল লুট করে। সন্ত্রাসী কাজে বাঁধা দিতে আসলে তারা ব্যবসায়ীদের পিটিয়ে জখম করে এবং ফারহানা ট্রেডিংয়ের স্বতাধিকারী আবু জাহের চৌধুরীকে গলা টিপে হত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে ব্যবসায়ী আবু জাহের বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই ঘটনার সাতে জড়িত দুই জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের গতকাল(বৃহস্পতিবার) জেলা বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।






