চ. নো. রিপোর্ট- দীর্ঘ প্রায় একুশমাস পর শনিবার প্রথম বারের মতো সেনবাগে এলেন ৪বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি জয়নুল আবেদীন ফারুক। তাও আবার দশ মিনিটের জন্য। অথচ তাঁর আগমনকে ঘিরে পক্ষে বিপক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গত দু’তিন দিন ধরে টানটান উত্তেজনা বিরাজ করে আসছে। সেনবাগ থানা পুলিশের কঠোর মনোভাবের কারণে ফারুকও তাঁর অবস্থানকাল সংক্ষিপ্ত করেন বলে জানাগেছে। এছাড়া বিপক্ষের লোকজনও তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচী থেকে বিরত থাকে। ফারুকের আগমনকে ঘিরে শনিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো এবং নোয়াখালী ডিবি পুলিশের একটি দলকে শহরে সার্বক্ষনিক টহল দিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া দশটায় সাবেক সাংসদ ফারুক আট-দশটি মোটর গাড়ীর বহর নিয়ে সেনবাগ শহরে প্রবেশ করেন। এসময় শহরে দক্ষিন বাজারে প্রায় অর্ধশত দলীয় নেতাকর্মী ও সমর্থক তাঁর গাড়ির বহরে ফুলের পাপড়ী ছিটিয়ে তাকে তাকে অভিনন্দন জানান। এরপর ফারুক থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করে শহর প্রদক্ষিণ করে দশটা দশ মিনিটে শহর ত্যাগ করেন। উল্লেখ্য, জরুরী অবস্থা জারির পর সাবেক সাংসদ ফারুক আত্মগোপনে চলে যান। পরবর্তীতে ২০০৭ সালের ২৫ মে তিনি সেনবাগ থানা পুলিশের হাতে জরুরী ক্ষমতা বিধিমালায় ঢাকায় গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে আটটি মামলা দায়ের হয়। সবক’টি মামলায় পুলিশ তাঁর রিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ প্রায় তেরমাস কারাভোগের পর ফারুক গত ১২ জুলাই আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেন।






