সোনাইমুড়িতে যুবলীগকর্মীদের ওপর যুবদলের হামলা ও সংঘর্ষে আহত-৯ : গ্রেফতার-৬

চ. নো. রিপোর্ট- নোয়াখালীর সোনাইমুড়িতে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৯জন আহত হয়েছে। আহতদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় যুবলীগ কর্মী নুরুল আমিন (৩৫), শাকিল হোসেন (২৩), কামাল (১৮)কে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সোনাপুর ইউনিয়নের মুরাদপুরে এ ঘটনা ঘটে। এনিয়ে রাতে উভয়পক্ষে ৩টি বাড়িতে হামলা পাল্টহামলার ঘটনা ঘটেছে। পরবর্তীতে শুক্রবার সকালে আহত নুরুল আমিনের ভাই নুরনবীর ডেকোরেশন দোকানেও যুবদল কর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করে। এঘটনায় শুক্রবার দিনভর অভিযান চালিয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ৬ যুবদলকর্মীকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর যুবলীগ কর্মী নুরুল আমিন (৩৫), শাকিল হোসেন (২৩) ও কামাল (১৮) পার্শ্ববর্তী আমিশপাড়া থেকে দাওয়াত খেয়ে সোনাপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের বাড়িতে ফেরার পথে পূর্ব শত্র“তার জের ধরে সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ, যুবদলকর্মী নাজমুল হোসেনসহ ৮/১০জন মিলে তাদের ওপর হামলা চালায়। এসময় তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন এ তিনজনকে মুমুর্ষু অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ কর্মীরা একত্রিত হয়ে যুবদল নেতা ইউসুফ ও যুবদলকর্মী মতিনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরবর্তীতে যুবদলকর্মীরা সংঘবদ্ধ হয়ে যুবলীগকর্মী ফারুকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলায় ফারুকের মা জহুরা বেগম (৪৮) ও তার ভাই শহিদুল ইসলাম (২৬) আহত হয়। রাতেই তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অবস্থার অবনতি ঘটলে যুবলীগ কর্মী নুরুল আমিন (৩৫), শাকিল হোসেন (২৩), কামাল (১৮)কে ঢাকায় প্রেরণ করা হয়। এসকল ঘটনায় যুবলীগ কর্মী ফারুক বাদি হয়ে সোনাইমুড়ি থানায় ২১জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে গতকাল শুক্রবার পুলিশ যুবদলকর্মী নাজমুল হোসেন (২২), সাদ্দাম হোসেন (১৮), আমির হোসেন (২২), সোহেল (১৮), বাবর (২৩) ও মানিক (২১)কে গ্রেফতার করে। এদিকে যুবদল নেতা ইউসুফ নিজে এবং যুবদল কর্মী মতিন (২৬), সাগর (২৩), মোঃ হোসেন (২৮) যুবলীগ কর্মীদের হামলায় আহত হয়েছে বলে সাংবাদিকদের কাছে দাবি করে। গ্রেফতার এড়াতে পালিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানালেও হাসপাতালের নাম জানাতে অপারগতা প্রকাশ করে।

চলতি সংবাদ