চ. নো. রিপোর্ট- অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও বেগমগঞ্জের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এম এ হাসেম। নোয়াখালী মেডিক্যাল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ মঙ্গলবার ঢাকায় গিয়ে মেডিক্যাল কলেজ নিয়ে হাইকোর্টে রীট আবেদনকারী এম এ হাসেমকে মামলা প্রত্যাহারের অনুরোধ করলে বুধবার তিনি মামলা প্রত্যাহার করে নেন। এনিয়ে বুধবার সন্ধ্যায় জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে সর্বদলীয় সভা, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। জানা যায়, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্যার নেতৃত্বে নোয়াখালী মেডিক্যাল কলেজ বাস্তবায়ন সর্বদলীয় সংগ্রাম পরিষদের ১৩ সদস্যের প্রতিনিধি দল মেডিক্যাল কলেজ নিয়ে হাইকোর্টে রীট আবেদনকারী এম এ হাসেমের সাথে আলোচনার জন্য ঢাকার গুলশাস্থ পারটেক্স গ্র“পের কার্যালয়ে যান। এসময় বেগমগঞ্জ থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য বরকত উল্যা বুলু ও ঢাকাস্থ বেগমগঞ্জ যুবকল্যাণ সমিতির নেতৃবৃন্দও সেখানে পৌছান। পরবর্তীতে এম এ হাসেমের সাথে প্রতিনিধি দলের হৃত্যতাপূর্ণ আলোচনায় তাকে রীট প্রত্যাহারের অনুরোধ করলে তিনি রীট প্রত্যাহারে সম্মত হন। গতকাল বুধবার রীট প্রত্যাহারের আবেদন করেছেন বলে এম এ হাসেম এক লিখিত ফ্যাক্স বার্তার মাধ্যমে সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দকে জানান। এনিয়ে বুধবার সন্ধ্যায় নোয়াখালী জিলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে রীট প্রত্যাহারে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে এ সভায় এম হামেসকে ধন্যবাদ জানায় সর্বদলীয় নেতৃবৃন্দ। পরে মিষ্টি বিতরণ এবং চৌমুহনীতে আনন্দ মিছিল বের হয়। এছাড়াও মামলা প্রত্যাহারের কারণে এম এ হাসেমকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রামস্থ নোয়াখালী জনকল্যান সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল্যাহ কামরুল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান বেগমগঞ্জ শাখার আহবায়ক রুদ্র মাসুদ। এদিকে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরা জানিয়েছেন, নির্ধারিত স্থানে নোয়াখালী মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন নির্মাণের জন্য আহূত দরপত্র গত ৯জুলাই জমা দেয়া হয়েছে। দরপত্র প্রকৃয়ায় ৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। তবে কোন প্রতিষ্ঠান দরপত্র পেয়েছে এটি তিনি জানাতে পারেননি। উল্লেখ্য, নোয়াখালী মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য স¤প্রতি স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুকূলে বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর গ্রামে ২৬ একর খাস ভূমি বরাদ্দ দেয় ভূমি মন্ত্রনালয়। এর আগে ১৯৯৫ সালে এম এ হাসেম মেডিক্যাল কলেজ নামের বেসরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য এ ভূমি বন্দোবস্ত নিয়েছিলেন পারটেক্স গ্র“পের চেয়ারম্যান ও বেগমগঞ্জের সাবেক সাংসদ এম এ হাসেম। ১/১১’র পরবর্তী সময়ে সরকার তাঁর কাছ থেকে জমি ফেরত নিয়ে সরকারি উদ্যোগে এ স্থানে মেডিক্যাল কলেজ করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী নোয়াখালী মেডিক্যাল কলেজের ১ম ব্যাচে ছাত্রছাত্রী ভর্তিও করা হয়। কিন্তু চলতি মাসের প্রথম সাপ্তাহে এ মেডিক্যাল কলেজ নিজের নামে নামকরণ করার জন্য এম এ হাসেম হাইকোর্টে রীট আবেদন করলে সরকার নির্দিষ্ট স্থানে নোয়াখালী মেডিক্যাল কলেজ বাস্তবায়ন পরিষদ নামে সর্বদলীয় সংগ্রাম কমিটি বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীগুলো পালনের সময় এম এ হাসেমের চৌমুহনীস্থ বাসভবন হোয়াইট হাউজে হামলার ঘটনাও ঘটে। সবশেষে মঙ্গলবার সর্বদলীয় সংগ্রাম কমিটি এম এ হাসেমকে রীট প্রত্যাহারের অনুরোধ করলে তিনি রীট প্রত্যাহার করে নেন। এরফলে মেডিক্যাল কলেজ স্থাপনে আর কোন বাধা রইল না।






