বেগমগঞ্জে ভাতিজার সাবলের আঘাতে চাচার মৃত্যু
চ. নো. রিপোর্ট-
নোয়াখালীর বেগমগঞ্জের মীরওয়ারিশপুর এলাকায় ভাতিজার সাবলের আঘাতে চাচা মোঃ সিরাজ মিয়ার (৭০) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে রান্না ঘর নিয়ে ঝড়গার এক পর্যায়ে তিনি আহত হলে বেগমগঞ্জের ১০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সিরাজ মিয়ার বাড়ির রান্না ঘরের জায়গা নিয়ে তাঁর ভাতিজা আমির হোসেনের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিলো। রোববার রাত সাড়ে নয়টার দিকে আমির হোসেনের সঙ্গে এ নিয়ে তাঁর চাচার ঝড়গা হয়। যার এক পর্যায়ে আমির হোসেন তাঁর হাতে থাকা সাবল দিয়ে চাচার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিক তাঁকে বেগমগঞ্জের ১০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে অবস্থার অবনতি ঘটলে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে ভাতিজা আমির হোসেন পলাতক রয়েছে।

বিশেষ প্রতিবেদন