
হাকিকুল ইসলাম খোকন-
আগামি ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মদিন উদযাপনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক আয়োজন করা হয়েছে। গত ১৭ জানুয়ারি রোববার নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত জ্যকসন হাইটস্ এর টক অব দি টাউন রেষ্টুরেন্টে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন কমিটি।
সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন উদযাপন কমিটির আহবায়ক এম লিয়াকত আলী। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কমিটির সদস্য হিরু ভূঁইয়া, দেওয়ান আশরাফুল আলম, মোয়াজ্জেম হোসেন মাসুদ, মোঃ আজহারুল হাসান, নতুন প্রজন্মের সঙ্গীত প্রতিযোগিতার বিচারক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই সংগীত শিল্পী রথিন্দ্র নাথ রায় ও শহীদ হাসান এবং চিত্রাংকন প্রতিযোগীতার বিচারক গোলাম সারওয়ার হারুন।
সাংবাদিক সম্মেলনে কমিটির আহবায়ক এম লিয়াকত আলী বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনকে ঘিরে প্রবাসী বাঙালীদের আয়োজনে নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি আঁকা, বঙ্গবন্ধু বিষয়ক রচনা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীতার বিষয় সমূহ হচ্ছে চতুর্থ গ্রেড থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি আঁকা, সপ্তম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত দেশাত্মবোধক গান (কেবলমাত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত সংগীত) এবং দশম থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত বঙ্গবন্ধু বিষয়ক রচনা (বাংলা অথবা ইংরেজিতে) । ১৩ মার্চ শনিবার সকাল ১০টায় ছবি আঁকা, দুপুর ১২টায় দেশাত্মবোধক গান এর প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে এবং প্রতিযোগীতার দিন বিকাল ৩টার মধ্যে বঙ্গবন্ধু বিষয়ক লেখা জমা দিতে হবে। প্রতিযোগীদের নিবন্ধনের শেষ তারিখ ১০ মার্চ।
প্রতিযোগীতায় বিচারক হিসাবে থাকবেন স্বাধীন বাংলা বেতারে কন্ঠসৈনিক রথিন্দ্রনাথ রায়, শহীদ হাসান, তাজুল ইসলাম, চিত্র শিল্পী খুরশিদ আলম সেলিম ও সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহম্মদ। ১৭ মার্চ সন্ধ্যা ৬টায় নিউইয়র্ক সিটির এষ্টোরিয়াছ কাব সনম-৩ এ এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।






