নোয়াখালীতে শিবিরের মেছে রহস্যজনক অগ্নিকান্ড!- চার শিবির কর্মী আহত
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট শহরে ইসলামী ছাত্রশিবিরের একটি মেসে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় বসুরহাটের মডার্ণ হাসপাতালের বিছমিল্লাহ মঞ্জিলে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ অগ্নিকান্ডের স্থলটি ঘিরে রেখেছে। এই নিয়ে ছাত্রলীগ ও শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং অগ্নিকান্ডের স্থল ঘিরে রাখে। রাত নয়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পুড়ে যাওয়া মেসটি পুলিশ ঘিরে রেখেছে।
জামায়াতের পক্ষ থেকে এই অগ্নিকান্ডের জন্য ছাত্রলীগ কর্মীদের দায়ী করা হয় এবং ঘটনার পর হামলায় চার শিবির নেতা আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে; ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে বিকট শব্দে বিষ্ফোরণের পর হঠাৎ ওই মেসটিতে অগুন ধরে যায়। শিবির কর্মীদের রাখা বোমার বিস্ফোরণেই ওই আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এবং এতে তাঁদের লোকজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে হঠাৎ শিবির কর্মীদের ওই মেছের ভেতর আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে তাৎনিক কোম্পানীগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। কিন্তু তার আগেই আধাপাকা ঘরের ভেতরের শিবির কর্মীদের বইপত্র ও আসবাবপত্রসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়।
কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর জামায়াতের সভাপতি মোশারফ হোসেন জানান,  তাঁদের কর্মীরা মাগরিবের নামাজ পড়তে গেলে ছাত্রলীগ কর্মীরা তাঁদের মেছে আগুন ধরিয়ে দেয়। এর পর নামাজ শেষে শিবির কর্মীরা আগুন নেভাতে এগিয়ে এলে তাঁদের ওপর হামলা চালিয়ে উপজেলা শিবির সেক্রেটারি ফয়েজ উল্লা, সাখাওয়াত হোসেন শাহীন, সাহাব উদ্দিন ও আনোয়ার হোসেন আহত হন।
অন্যদিকে, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল হক কচি জামায়াতের অভিযোগ অস্বীকার করে বলেন, আগুনের লাগার মহুর্তে সেখান থেকে বিকট শব্দ শোনা যায়। শিবির কর্মীরাই হয়ত সেখানে বোমা রেখেছিল। এ ঘটনার সাথে ছাত্রলীগকে জড়ানো জামাত-শিবিরের পুরোনো কৌশলের অংশ। তবে আগুন দেখে এগিয়ে আসা মানুষজনের সাথে শিবির কর্মীদের ঝামেলা হয়েছে বলে শুনেছি।
ঘটনাস্থল উপস্থিত সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) জাবেদুর রহমান জানান, প্রাথমিক ভাবে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে মনে হচ্ছে। বোমা বিষ্ফোরণের কোন আলামত পাওয়া যায়নি। এর পরও তাঁরা তদন্ত করে দেখা হচ্ছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।
রাজনৈতিক সংবাদ