টেন্ডার সন্ত্রাস: লক্ষ্মীপুরে আ’লীগের ৩ নেতার সশ্রম কারাদন্ড
লক্ষ্মীপুর প্রতিনিধি-
লক্ষ্মীপুরে টেন্ডার সন্ত্রাস ও টেন্ডারবাজি করতে গিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কম্পিউটারসহ আসবাবপত্র ভাংচুর ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় গত ২১ জানুয়ারি বৃহস্পতিবার স্থানীয় আ’লীগের ৩ নেতাকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা করে জরিমানার রায় প্রদান করা হয়। লক্ষ্মীপুর দ্রুত বিচার আদালতের বিচারক মোঃ জুলফিকার আলীর আদালত দুপুরে এক জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন- লক্ষ্মীপুর পৌর আ’লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি বাহার উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো:ফয়েজ এবং লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন জুয়েল।
মামলার বিবরনে জানা যায়, বিগত ২০০৯ সালের ৮ জুন লক্ষ্মীপুর সড়ক বিভাগের প্রায় ১ কোটি টাকার টেন্ডার ড্রপিং দিন ধার্য ছিল। ওই দিন পুলিশ সুপার কার্যালয়ে রতি বক্সে আ’লীগের কয়েকজন নেতা কর্মী টেন্ডার ড্রপিং করতে গেলে অপর অংশ বাধা প্রদান করে। পরে দুই পরে মারামারিতে এসপি অফিসের কম্পিউটারসহ মালামাল ক্ষতি সাধিত হয়। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানার এসআই আব্দুল জলিল বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা (নং জিআর ২৭১/২০০৯) দায়ের করেন। পরে ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হলে আদালত দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।