সেনবাগে গৃহবধূর লাশ উদ্ধার, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ পরিবারের
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর সেনবাগে মর্জিনা আক্তার (২৭) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করে। ঘটনার পর থেকে মর্জিনার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা পলাতক রয়েছেন।
নিহত গৃহবধূ মর্জিনার ভাই ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কুশুল্লা গ্রামের মোঃ হাবিব অভিযোগ করেন, প্রায় ৭-৮ বছর আগে নজরপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে আমিন উল্লার সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁর ভগ্নিপতি বিভিন্ন অজুহাতে প্রায়ই তাঁদের কাছ থেকে টাকা নিতেন। ইতিমধ্যে তাঁর বোনের সংসারে একছেলে ও দুইকন্যা সন্তান জন্ম নিয়েছে।
স¤প্রতি তাঁর একভাই বিদেশে যাওয়ার পর ভগ্নিপতির দাবি অনুযায়ী তাঁর জন্য প্রতিমাসে ২ হাজার টাকা করে পাঠাতেন। কিন্তু কয়েক দিন আগে ভগ্নিপতি যৌতুক হিসেবে আরো বেশী করে টাকা পাঠাতে বলার তাঁর বোনের উপর চাপ সৃষ্টি করে। এনিয়ে প্রায়ই তাঁদের সংসারে অশান্তি ও ঝড়গা-ঝাটি হত। গত বুধবার রাতেও একই বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝড়গা হয়। যার জের ধরে গতকাল সকালে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিলে তাঁর বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে এবং দুপুরে আত্মহত্যা করেছে বলে খবর পাঠানো হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, শ্বশুর বাড়ির লোকেরা আত্মহত্যা করেছে বললেও প্রাথমিক তদন্তে মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকে মর্জিনার স্বামী ও পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সড়ক দূর্ঘটনা, অপরাধ ও হামলা-সংঘর্ষ