চাটখিল প্রতিনিধি- বাতিল হয়ে যাওয়া নির্বাচনের নোয়াখালী-৩ চাটখিল আসনের ৪দলীয় জোটের প্রার্থী এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ১ম চাঁদাবাজির মামলার বাদি আমিন আহম্মেদ ভূঁঞাকে চাটখিলে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। এছাড়া তাকে চাটখিলে আসামাত্রই প্রতিরোধেরও ঘোষণা দেয়া হয়েছে। শনিবার চাটখিল উপজেলা অডিটোরিয়াতে উপজেলা বিএনপির আয়োজিত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য, ১/১১ পরবর্তী সময়ে দুদকের প্রধান আইনজীবী হিসাবে নিয়োগ পাওয়ার পর পদত্যাগকারী এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাটখিল উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম ভূঁঞা, শাহজাহান রানা, আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ বকশি, আবু সায়েদ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক আলাউদ্দীন ভূঁঞা প্রমুখ। অনুষ্ঠানে এডভোকেট মাহবুবুর রহমান বিএনপি চেয়ারপার্সন নোয়াখালী-৩ আসনে তাঁকে ভোট করার জন্য প্রস্তুতি নিতে বলেছেন বলে দাবি করেন। উল্লেখ্য গত বুধবার একই স্থানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেন তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ১ম চাঁদাবাজির মামলার বাদি আমিন আহম্মেদ ভূঁঞা। সেই অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম কালা এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমনসহ জেলা এবং বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






