
চ.নো.রিপোর্ট-
নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী বলেছেন, কৃষকরা দেশের সম্পদ, দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে তারা রাতদিন পরিশ্রম করছে। কৃষরা ঋণ নিতে গিয়ে যদি কোন ব্যাংকে হয়রানীর শিকার হয় সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কৃষি উপকরণ সহায়তা কার্ড ব্যবহার করে কৃষকরা কৃষি সংক্রান্ত সকল সুবিধা পাবেন। সদর-সুবর্নচরের রাস্তা-ঘাটসহ সকল অবকাঠামো উন্নয়নের দায়িত্ব আমার। তবে কৃষকদের কৃষির উন্নয়নের দায়িত্ব নিতে হবে। বৃহস্পতিবার সদর উপজেলার কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী’র উপ-পরিচালক রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুর রহমান, নোয়াখালী প্রেসকাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আরমান চৌধুরী। কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম জানান, সদর উপজেলায় ৬১ হাজার কৃষকের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৮০জন কৃষক ও কৃষাণীর হাতে কার্ড তুলে দেন অতিথিরা। এর আগে বুধবার সুবর্নচর উপজেলায় কৃষকদের হাতে কার্ড তুলে দেন একরামুল করিম চৌধুরী এমপি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নোয়াখালীতে ৩ লাখ ৬৬ হাজার কৃষকের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হবে।





