
বিশেষ প্রতিনিধি-
নোয়াখালী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনালে কবিরহাট উপজেলা একদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেগমগঞ্জ উপজেলা একাদশ। শনিবার নোয়াখালী শহীদ ভুলু ষ্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে নাইজেরিয়ান খেলোয়াড় এন্থনি বেগমগঞ্জ একাদশের পক্ষে একমাত্র জয়সূচক গোল করেন। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কবিরহাট উপজেলা একাদশের অপু।
বিকাল তিনটায় সমাপনী খেলার উদ্বোধন করেন টূর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক একরামুল করিম চৌধুরী এমপি। টূর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন। বিশেষ অতিথি থাকবেন বাফুফের সহ-সভাপতি বাদল রায় ও পুলিশ সুপার হারুন উর রশীদ হাজারী। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল হাসান মিরন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ফুটবল এশোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ কিবন, ক্রীড়া সংস্থার কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, আবু তাহের, আব্দুল ওয়াদুদ পিন্টু প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহ উদ্দিন বলেন, কেউ কেউ বলেন বাংলাদেশের ফুটবল মরে গেছে। তাদেরকে বলি, প্রতিটি ফুটবল ম্যাচের দর্শকই প্রমান করে ফুটবল মরেনি। নোয়াখালীতে ফুটবলার তৈরীতে ক্যাম্পে আয়োজন করা হলে বাফুফের পক্ষ থেকে কোচ দেয়া হবে। এ ষ্টেডিয়ামে শেরেবাংলা কাপের ভেন্যু হতে পারে।

বাদল রায় বলেন, নোয়াখালীর ফুটবলের উন্নয়নে বাফুফে সব ধরণের সহায়তা দিবে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআফ দলের মাঝে গোল্ডকাপ ও প্রাইজমানি অতিথিরা বিতরণ করেন। প্রায় ২৫ হাজার দর্শক শহীদ ভুলু ষ্টেডিয়ামে ফাইনাল খেলা উপভোগ করেন।
উল্লেখ্য, গত ২৫ ফেব্র“য়ারি শুরু হওয়া এ টূর্ণামেন্টে বি-লীগের চট্টগ্রাম মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল স্মৃতি সংসদ ধানমন্ডি ও নরসিংদী খেলোয়াড় কল্যান সমিতিসহ ১২ জেলার মোট ২২টি দল অংশ গ্রহণ করে। দেশী বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহণে টূর্ণামেন্টের প্রতিটি খেলা উপভোগ করে বিপুল সংখ্যক দর্শক। এ টূর্ণামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব এম এ এন ছিদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের ১১ জেলা প্রশাসক।







