বিশেষ প্রতিনিধি- এলডিপির প্রেসিডেন্ট কর্ণেল (অবঃ) ড. অলি আহমদ বীরবিক্রম বলেছেন, নির্বাচন হবে কিনা সে ব্যাপারে আমি আস্থা রাখতে পারছিনা। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠার নামে উপদেষ্টারা দূর্ণীতিবাজদের কাছে আত্মসমর্পন করেছে। অথচ গরীব মানুষ খেতে পারছেনা সেদিকে উপদেষ্টাদের খেয়াল নেই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেগমগঞ্জের চৌরাস্তায় সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে এলডিপির নোয়াখালী জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, কয়েকজন উপদেষ্টা আছেন যাদের দেশ পরিচালনার কোন অভিজ্ঞতা নেই। শিক্ষকতা কিংবা অন্য পেশায় গেলে তারা ভালো করতেন। অথচ উপদেষ্টা হয়ে আজ তাঁরা রাজনীতিবিদদের উপদেশ দিচ্ছেন। বাণিজ্য উপদেষ্টা দ্রব্যমূল্য কমানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংকট সমাধানে সময় পান না। কিন্তু রাতের আঁধারে কোন কোন ব্যক্তির সাথে মিটিং ও মিডিয়ায় কথা বলে এবং বিদেশ সফর করে সময় ব্যায় করছেন। এসময়টুকু তিনি দ্রব্যমূল্য কমাতে ব্যয় করতে পারতেন। আর্ন্তজাতিক বাজারে তেলের মূল্য কমলেও বাংলাদেমে তেলের দাম কমছে না। সরকার সৎ লোকের শাসন চায় না। তারা চায় দূর্ণীতিবাজরা আবার ক্ষমতায় আসুক। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আর তাই আমরা এ দেশে আর কোন তত্ত্ববধায়ক সরকার চাই না। কর্ণেল অলি বলেন, জাতি দূর্ণীতিবাজদের বিচার চেয়েছিলো। কিন্তু সেই বিচার হয়নি। উপদেষ্টারা দূর্ণীতিবাজদের কাছে গিয়ে হাত কছলাচ্ছেন। অনেক উকিল আছেন যারা মুখে গণতন্ত্র ও সুশাসনের কথা বলছেন অথচ টাকা পেলে দূর্ণীতিবাজদের পক্ষে কোর্টে ছুটে যান। দেশে শুধুমাত্র রাজনীতিবিদদের বিচার হচ্ছে তা ঠিক নয়; উকিলদেরও বিচার হবে। যে সকল উকিল যেনে শুনে দূর্ণীতিবাজদের পক্ষে কাজ করছেন তাদের বিরুদ্ধেও আমাদের সংগ্রাম চলবে। আজকে সময় এসেছে দূর্ণীতিবাজদের বিরুদ্ধে কথা বলার। ৭১’র যুদ্ধ করেছি দেশ স্বাধীন করার জন্য আমরা আরেকটি বিদ্রোহ করেছি সেটা হচ্ছে দূর্ণীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে। আগামি নির্বাচনে সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করার আহবান জানিয়ে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, টাকার কাছে বিক্রি হবেন না। টাকায় কুকুর বিক্রি হয় রসুলের উম্মত বিক্রি হয় না। এলডিপির নোয়াখালী জেলা শাখার সভাপতি মেজর (অবঃ) আব্দুল গফুরের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত, মাহমুদুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ডা. নাজিম উদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্যা, নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক সারোয়ারুল আলম চৌধুরী স্বপন। সম্মেলনে এলডিপির প্রেসিডেন্ট ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্যাহকে নোয়াখালী-২ আসনে দলীয় প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দেন।






